ঈশ্বরদীতে ছাত্রসংঘর্ষে মামলা, শতাধিক আসামি

পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় এ মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান এবং সেক্রেটারি আসাদুল ইসলামসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে এবং কয়েকজন নেতাকর্মী আহত হন।

বাদীপক্ষের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *