প্রধান খবর

ইউএস-বাংলার ঝুলিতে সেরা ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার

দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন সাফল্যের স্বাক্ষর রাখলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স” ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

রোববার আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াব সভাপতি রাফিউজ্জামান-এর উপস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। সংস্থাটি ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীসেবা প্রদান করছে, যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর।

যাত্রীসেবার মানোন্নয়ন ও ফ্লাইট সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে খুব শিগগিরই বহরে আরও তিনটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।

দেশীয় বিমান পরিবহন খাতে নিরাপদ ও মানসম্মত সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে এ অর্জন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *