মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালিয়ে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে Arakan Army। উপকূলীয় এলাকায় পরিচালিত এ অভিযানে দুটি নৌকাও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাথেডং উপকূলের কাছে প্রথম নৌকাটি আটক করা হয়। ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকে পড়া ওই নৌকায় তল্লাশি চালিয়ে ছয়জন পুরুষ ও একজন নারীসহ সাত বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় নৌকা থেকে বিপুল পরিমাণ গাঁজা, কিছু ওষুধ, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
পরবর্তীতে বিকল নৌকাটিকে সহায়তা করতে আসা আরেকটি নৌকাও জব্দ করা হয় এবং সেখান থেকে আরও চার বাংলাদেশিকে আটক করা হয়। সব মিলিয়ে দুই নৌকা থেকে মোট ১১ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
বর্তমানে আটক ব্যক্তিরা ও জব্দকৃত আলামত আরাকান আর্মির কোস্টগার্ডের নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, সীমান্তবর্তী জলসীমায় মাদক পাচার ও অবৈধ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

