আরও দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে পাঁচটি পৃথক মামলায়ও হাইকোর্ট থেকে জামিন লাভ করেন সাবেক এই প্রধান বিচারপতি। সর্বশেষ জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানার হত্যা মামলা।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগসহ আরও একাধিক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।
এছাড়া প্লট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাতেও তিনি জামিন পান। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আপিল করলেও আপিল বিভাগ তা খারিজ করে দেয়।
উল্লেখ্য, ২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক। অবসরের পর তিনি একাধিকবার আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

