প্রধান খবর

আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে মমতা

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণে তাকে ঘিরে সমর্থকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি আদালতে যান। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে শুনানিকালে মমতা জানান, ১৯৮৫ সালে তিনি বার কাউন্সিলে নিবন্ধিত হন এবং নিয়মিত সদস্যপদ নবায়ন করে আসছেন।

আদালতে বক্তব্য প্রদানকালে তিনি পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মমতা অভিযোগ করেন, নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নানা ধরনের সহিংসতা ও হুমকির শিকার হচ্ছেন। পাশাপাশি প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তৃণমূল কংগ্রেস সামাজিক যোগাযোগমাধ্যমে মমতার আদালত প্রাঙ্গণে উপস্থিতির ভিডিও প্রকাশ করে দাবি করেছে, সাংবিধানিক মূল্যবোধ ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি সবসময় সরব ভূমিকা পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *